ভূমিধস বিজয়ী হয়ে মন্ত্রিত্বের দৌড়েও আফরোজা রিতার জয়
নির্বাচনে বিশাল ব্যবধানে জয়ের পর এবার নতুন সরকারে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হচ্ছেন।

আশ্রাফুল আলম নোবেল পাটোয়ারী: মানিকগঞ্জ-৩ (সদর-সাটুরিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আফরোজা খানম রিতা সংসদ নির্বাচনে বিশাল ব্যবধানে জয়ের পর এবার নতুন সরকারে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হচ্ছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে তার মন্ত্রিত্বের ঘোষণা করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে আফরোজা খানম রিতা প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।
মানিকগঞ্জের এই গুরুত্বপূর্ণ আসনটি পুনরুদ্ধারের পর থেকেই গুঞ্জন ছিল যে, তার রাজনৈতিক প্রজ্ঞা এবং তৃণমূলের জনপ্রিয়তার কারণে তিনি কেন্দ্রীয়ভাবে বড় কোনো দায়িত্ব পাবেন।
স্থানীয়রা মনে করছেন, মন্ত্রিত্ব পাওয়ার মাধ্যমে এলাকায় উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে আফরোজা খানম রিতা পেয়েছেন মোট এক লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী পেয়েছেন ৬৪ হাজার ২৪২ ভোট।
উল্লেখ্য, আফরোজা খানম রিতা তার বাবা সাবেক মন্ত্রী হারুণ অর রশিদ খান মুন্নুর উত্তরসূরি হিসেবে রাজনীতিতে এক অনন্য উচ্চতায় পৌঁছে গেলেন। স্বাধীনতার পর এই আসন থেকে তিনিই প্রথম নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করলেন।





