বাংলায় সম্প্রচার হবে হজের খুতবার অনুবাদ
আশ্রাফুল আলম নোবেল পাটোয়ারী :
বাংলায় সম্প্রচার হবে হজের খুতবার অনুবাদ
মসজিদে নামিরা, আরাফাত প্রাঙ্গণ, মক্কা।
ইসলামের বাণী সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিতে চলতি বছরও বাংলাসহ বিভিন্ন ভাষায় পবিত্র হজের খুতবার অনুবাদ সম্প্রচার করা হবে। সৌদি আরবের পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মবিষয়ক পরিষদের অধীনে এই কার্যক্রম পরিচালিত হবে।
এ নিয়ে টানা সপ্তমবারের মতো বাংলা ভাষায় হজের খুতবার অনুবাদ সম্প্রচার হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পবিত্র মসজিদুল হারামের খুতবা অনুবাদ প্রকল্পের বাংলা বিভাগের পরিচালক ড. মুহাম্মদ খলীলুর রহমান।
তিনি বলেছেন, ‘আরাফাতের খুতবা অনুবাদ কার্যক্রম এবছর বাংলাসহ ৫০টি ভাষায় অনুবাদ সম্প্রচার করা হবে। গত চার বার হজের খুতবা অনুবাদ কার্যক্রমে যুক্ত থেকে দায়িত্ব পালন করেছি।
অনুবাদ কার্যক্রমে টিমের সব সদস্য অংশগ্রহণ করে থাকেন। তবে উপস্থাপনায় থাকেন নির্দিষ্ট একজন। এর আগে আমি দুই বার হজের খুতবার অনুবাদ উপস্থাপন করেছি। ইনশাআল্লাহ, এবারও উপস্থাপনার দায়িত্ব পালন করব।
’
মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে অনার্স, মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি সম্পন্ন করা ড. মুহাম্মদ খলীলুর রহমান দীর্ঘ এক দশক সৌদি ইন্টারন্যাশনাল রেডিওতে অনুবাদক ও সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করেছেন। হজের খুতবা অনুবাদের পাশাপাশি তিনি পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীতে সাপ্তাহিক জুমার খুতবা অনুবাদ ও উপস্থাপনা করে থাকেন।

প্রসঙ্গত, ড. মুহাম্মদ খলীলুর রহমান ছাড়াও গত বছর হজের খুতবার বাংলা অনুবাদ কার্যক্রমে ছিলেন ড. আ ফ ম ওয়াহিদুর রহমান, মুবিনুর রহমান ফারুক ও নাজমুস সাকিব।

জানা যায়, আগামী ২৬ মে (৯ জিলহজ) পবিত্র আরাফাতের ময়দানে হাজিদের সবাই অবস্থান করবেন। সেদিন লাখ লাখ হাজির উদ্দেশে মসজিদে নামিরা থেকে খুতবা দেবেন মদিনার মসজিদে নববীর ইমাম ও খতিব শায়খ ড. আলী বিন আবদুর রহমান আল-হুজাইফি।
সারা বিশ্বের মানুষের কাছে ইসলামের বাণী পৌঁছে দিতে বিশ্বের ৫০টি ভাষায় খুতবা সম্প্রচার করা হবে। এসব কাজের তত্ত্বাবধান করছে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের তত্ত্বাবধানকারী জেনারেল প্রেসিডেন্সি বিভাগ।
সৌদি বার্তা সংস্থা সূত্রে জানা যায়, ১৪৩৬ হিজরি মোতাবেক ২০১৫ সালে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের বিশেষ নির্দেশনায় আরাফার খুতবা অনুবাদ প্রকল্পের কার্যক্রম শুরু হয়। প্রথম পর্যায়ে শুধু পাঁচটি ভাষায় তা সম্প্রচার করা হয়। পরে ভাষার সংখ্যা বৃদ্ধি পেতে থাকে।
২০২০ সালে প্রথমবারের মতো হজের খুতবা অনুবাদ প্রকল্পে বাংলা ভাষা যুক্ত হয়। ওই বছর মোট ১০টি ভাষায় হজের খুতবার সম্প্রচার করা হয়। ২০২১ সালেও বাংলাসহ মোট ১০টি ভাষায় খুতবার অনুবাদ সম্প্রচার করা হয়। পাশাপাশি বিভিন্ন ভাষায় সাপ্তাহিক জুমার খুতবার অনুবাদ সম্প্রচার কার্যক্রম শুরু হয়। এরপর ২০২২ সালে ১৪টি, ২০২৩ সালে ২০টি ও ২০২৪ সালে ২০টির বেশি ভাষায় আরাফার খুতবা অনুবাদ করা হয়। একইসঙ্গে মদিনার পবিত্র মসজিদে নববী থেকেও জুমা ও ঈদের খুতবার অনুবাদ সম্প্রচার কার্যক্রম পরিচালিত হয়।
পবিত্র মসজিদুল হারাম কেন্দ্রিক অনুবাদ কার্যক্রম এখন শুধু আরাফাতের খুতবার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং প্রতি সপ্তাহের জুমা, দুই ঈদ, সালাতুল ইসতিসকা বা বৃষ্টির নামাজ, সালাতুল কুসুফ ও খুসুফের খুতবার পাশাপাশি বিভিন্ন আলোচনা এবং হজ ও ওমরাহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ও অনুবাদ করা হচ্ছে। সর্বোচ্চসংখ্যক মানুষের কাছে পৌঁছাতে প্রতিবছর অনুবাদ কার্যক্রমে নতুন ভাষা যুক্ত করা হচ্ছে।
আরবিতে উপস্থাপিত হজের খুতবার অনুবাদ বাংলাসহ বিভিন্ন ভাষায় সম্প্রচার করা হয়। এরমধ্যে রয়েছে ফ্রেঞ্চ, মালয়, উর্দু, ফারসি, চাইনিজ, তুর্কি, রাশিয়ান, হাউসা, ইংরেজি, সুইডিশ, স্প্যানিশ, সোয়াহিলি, আমহারিক, ইটালিয়ান, পর্তুগিজ, বসনিয়ান, মালায়লাম, ফিলিপিনো ও জার্মান।
যেকোনো ডিভাইস থেকে মানারাতুল হারামাইন (manaratalharamain) ওয়েবসাইটে প্রবেশ করে একটি ভাষা নির্বাচন করলে খুতবার অনুবাদ শোনা যাবে। তা ছাড়া মানারাতুল হারামাইন মোবাইল অ্যাপ, আল কোরআন চ্যানেল ও আস সুন্নাহ চ্যানেলসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের ইউটিউব চ্যানেল (https://www.youtube.com/@Al-haramain-Sermons), ফেসবুক ও টুইটারে তা শোনা যাবে। আর ওয়েবসাইটে বিগত বছরের খুতবা ও এর অনুবাদও পাওয়া যাবে।







