রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকে মহাব্যবস্থাপক পদে পদোন্নতি: ৩১ ডিসেম্বর ২০২৬ ভিত্তিক যোগ্যদের অন্তর্ভুক্তির দাবি
আশ্রাফুল আলম নোবেল পাটোয়ারী, ঢাকা: রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে মহাব্যবস্থাপক (জিএম) পদে পদোন্নতি প্রক্রিয়ায় নতুন করে যোগ্য উপ-মহাব্যবস্থাপকদের (ডিজিএম) অন্তর্ভুক্তির দাবি উঠেছে। পদোন্নতি নীতিমালা অনুযায়ী ৩১ ডিসেম্বর ২০২৬ তারিখকে ভিত্তি ধরে ফিডার পদে তিন বছরের অভিজ্ঞতা অর্জনকারী সব যোগ্য ডিজিএমকে সাক্ষাৎকারের মাধ্যমে পদোন্নতি প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার আবেদন জানানো হয়েছে।
এ বিষয়ে ১৫ নভেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে একটি লিখিত আবেদন করেছেন রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত পদোন্নতিপ্রত্যাশী উপ-মহাব্যবস্থাপকরা। আবেদনপত্রে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ১৬ নভেম্বর ২০২৬ তারিখের ‘Received’ সিল রয়েছে।
আবেদনে উল্লেখ করা হয়, গত ২১ মে ২০২৬ তারিখে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক স্মারকের মাধ্যমে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখকে ভিত্তি ধরে ফিডার পদে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তাদের তথ্য ও বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর) চাওয়া হয়। পরবর্তী সময়ে গত ২ নভেম্বর ২০২৬ থেকে যোগ্য প্রার্থীদের মহাব্যবস্থাপক পদে পদোন্নতির জন্য সাক্ষাৎকার গ্রহণ কার্যক্রম শুরু হয়।
অন্যদিকে, গত ৫ নভেম্বর ২০২৬ তারিখে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা আরেকটি স্মারকে ৩১ ডিসেম্বর ২০২৬ তারিখ ভিত্তিক মহাব্যবস্থাপকের শূন্য পদের তথ্য জরুরি ভিত্তিতে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়।
আবেদনকারীদের বক্তব্য, প্রশাসনিক ধারাবাহিকতা ও ন্যায়সংগত পদোন্নতি নিশ্চিত করার স্বার্থে পদোন্নতির ভিত্তি বা শূন্য পদের হিসাব যদি ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত সম্প্রসারিত করা হয়, তাহলে ৩১ ডিসেম্বর ২০২৫ থেকে ৩১ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে ফিডার পদে তিন বছরের অভিজ্ঞতা অর্জন করে পদোন্নতির যোগ্যতা পূরণকারী কর্মকর্তাদেরও বিবেচনায় নেওয়া প্রয়োজন।
তাদের মতে, পদোন্নতির যোগ্যতা অর্জনের ক্ষেত্রে নির্ধারিত সময়সীমার সামান্য ব্যবধানের কারণে কোনো যোগ্য কর্মকর্তাকে পদোন্নতির সুযোগ থেকে বঞ্চিত করা হলে তা ন্যায়সংগত হবে না। বরং যোগ্যতার ভিত্তিতে সবাইকে সমান সুযোগ দেওয়া প্রশাসনিক স্বচ্ছতা ও ন্যায্যতার স্বার্থে জরুরি।
আবেদনপত্রে আরও বলা হয়, সব যোগ্য কর্মকর্তাকে ভাইভা বা সাক্ষাৎকারে অংশগ্রহণের সমান সুযোগ দেওয়া হলে তা আর্থিক খাতে সুশাসন, স্বচ্ছতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহায়ক হবে। অন্যথায় যোগ্য কর্মকর্তাদের পদোন্নতি থেকে বাদ পড়ার আশঙ্কা তৈরি হতে পারে, যা প্রাকৃতিক ন্যায়বিচার বা ‘ন্যাচারাল জাস্টিস’-এর পরিপন্থী হতে পারে।
এ অবস্থায় আবেদনকারীরা ৩১ ডিসেম্বর ২০২৬ তারিখকে ভিত্তি ধরে মহাব্যবস্থাপকের শূন্য পদ বিবেচনায় নিয়ে পদোন্নতির যোগ্যতা অর্জনকারী সব উপ-মহাব্যবস্থাপকের তালিকা প্রকাশ এবং তাদের সাক্ষাৎকারে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেছেন।
আর্থিক খাতের গুরুত্বপূর্ণ এসব প্রতিষ্ঠানে পদোন্নতি প্রক্রিয়ায় স্বচ্ছতা, সমতা ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে আবেদনটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।






