আটলায় কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের গণসংবর্ধনা, দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক:
শিক্ষা, মেধা ও সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তরুণ প্রজন্মকে উৎসাহিত করার লক্ষ্যে আটলায় অনুষ্ঠিত হয়েছে কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের গণসংবর্ধনা। দিনব্যাপী এ আয়োজনে ছিল বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানটি পরিণত হয় এলাকাবাসীর মিলনমেলায়।
অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী, ৫ম ও ৮ম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থী এবং সমাজ ও পেশাগত জীবনে বিশেষ অবদান রাখা সফল ব্যক্তিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও মেধাবৃত্তি তুলে দেওয়া হয়। পাশাপাশি দিনব্যাপী বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
তরুণদের অনুপ্রেরণায় আয়োজন
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি এলাকার উন্নয়নে শিক্ষিত ও মেধাবী প্রজন্মের পাশাপাশি সমাজের সফল ও গুণী ব্যক্তিদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃতি শিক্ষার্থী ও সফল ব্যক্তিদের সম্মাননা দেওয়ার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে আত্মবিশ্বাস, প্রতিযোগিতার মনোভাব এবং সমাজের প্রতি দায়বদ্ধতা তৈরি হবে।
তারা তরুণদের সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
দিনব্যাপী আয়োজনে গ্রামের তরুণ-তরুণীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন স্থানীয় শিল্পী ও প্রতিভাবান তরুণ-তরুণীরা। তাদের পরিবেশনায় উপস্থিত দর্শকরা আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এলাকার মেধাবী শিক্ষার্থী ও সফল ব্যক্তিদের উৎসাহিত করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও তরুণদের সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও ধারাবাহিকভাবে এ আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জাবেদ ভৃইয়া ও শামীম মাহমুদ।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন নূরে মাওলা, মামুন ভৃইয়া, আবু তাহের, শাহিন, আবন, শাহাদাত, তানিম, সাবাব ও শাহরিয়ার আলম রানা।






