জনতা ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহবুব আলম

মোঃ মাহবুব আলম জনতা ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক

—————————————————————–

জনতা ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আজ মঙ্গলবার ২৫ নভেম্বর ২০২৬ যোগদান করেছেন মোঃ মাহবুব আলম। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান সিএসপিসহ অন্যান্য পরিচালকবৃন্দ ও উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় তিনি জনতা ব্যাংকের বর্তমান সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে সমন্বিত কার্যক্রম বাস্তবায়নে পর্ষদসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা কামনা করেন। খেলাপি ঋণ আদায়সহ আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, গ্রাহকসেবা ও ব্যবসা সম্প্রসারণে গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।

মোঃ মাহবুব আলম ১৯৯৫ সালে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান- বিআইডিএস এ কর্মজীবন শুরু করেন। ১৯৯৬ সালে উত্তরা ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তিনি ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি যমুনা ব্যাংক এবং মার্কেন্টাইল ব্যাংকের শাখা প্রধানসহ কর্পোরেট ব্যাংকিংয়ের বিভিন্ন বিভাগে অভিজ্ঞতা অর্জন করেন। এরপর তিনি এনসিসি ব্যাংক পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যাংকিং ও আর্থিক খাতে তিন দশকের বেশি অভিজ্ঞতাসম্পন্ন মোঃ মাহবুব আলম জনতা ব্যাংকে যোগদানের আগে সাউথ ইস্ট ব্যাংক পিএলসি-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

মোঃ মাহবুব আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাকাউন্টিং বিভাগ থেকে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে তিনি একই বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে ফিন্যান্স বিষয়ে এমবিএ ডিগ্রি সম্পন্ন করেন। নরসিংদী জেলার মনোহরদি উপজেলার দীঘাকান্দি গ্রামে ১৯৭৩ সালে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মুসলেহ উদ্দিন আহমেদ এবং মাতা হাসনা বানু।

জনতা ব্যাংক পরিবারের পক্ষ থেকে নতুন ব্যবস্থাপনা পরিচালককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।